বিজয়নগর সীমান্তে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় এক অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের পাঁচ হাজার পাঁচটি ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আজ শনিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর সীমান্তের কামালমোড়া সংলগ্ন একটি কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর তল্লাশি চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় মোবাইল ফোনের এসব ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মোট ৫ হাজার ৫টি ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪০ হাজার টাকা। উদ্ধার করা চোরাচালানি মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)