গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
ওসি বলেন, নিহতরা হলেন গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার জামাল হোসেন (৪৪) এবং অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ধীরাশ্রম এলাকায় একটি ট্রাক টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন। নিহত সবাই পুরুষ।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

নাসির আহমেদ, গাজীপুর