ছাত্রলীগনেতাকে গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার
নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের এক উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় ওই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এসআই অসিত কুমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।
এসআই অসিত কুমার বলেন, রাকিবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে রাকিবুলকে প্রথম দফায় আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানান এসআই অসিত কুমার। তিনি বলেন, টাকা নিয়ে ছেড়ে দিয়েছি- এ রকম একটি অভিযোগ দেওয়া হয়েছিল। তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।
নিজেকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে এসআই অসিত কুমার বলেন, রাকিবুলকে তিনিই গ্রেপ্তার করেছেন। পরে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ সুপার তাকে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বলেও জানান তিনি।
অন্যদিকে রাকিবুলের মা রেহেনা পারভিন বলেন, তার ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাকে গ্রেপ্তার করেছেন, তা তিনি জানেন না। পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমে ছাত্রলীগনেতাকে পেয়ে রেখে আসছে- এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে গ্রেপ্তার করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার রাকিবুলকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, প্রথমবার আসামি কেন পালিয়ে গেল, সে কারণে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এর সঙ্গে এলাকায় আলোচনা-সমালোচনার কোনো সম্পর্ক নেই। দায়িত্ব পালনের সময় এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল। পরে ওই এসআই নিজেই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)