৫৯১ পরিবার পেল ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল
লালমনিরহাটের আদিতমারীতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও গিভিং গ্রেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৯১টি মুস্তাহিক পরিবারের মাঝে মোট ৮৮ লাখ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মহিষখোঁচা এলাকার দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান করা হয়।
ইসলামিক ইনস্টিটিউট অব সোশ্যাল ফাইন্যান্সের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিজেডএম’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, ২০০৮ সাল থেকে সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে জীবিকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেড় লক্ষাধিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, মাদ্রাসার অধ্যক্ষ মো. আখতারুজ্জামান এবং গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও সিইও মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী।
এ সময় বক্তারা বলেন, যাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা, যেন তারা ভবিষ্যতে যাকাত গ্রহীতার বদলে যাকাতদাতায় পরিণত হতে পারে।
আয়োজকরা জানান, ৫ বছর মেয়াদি ‘জীবিকা আদিতমারী’ প্রকল্পের মাধ্যমে ৬০০টি পরিবারের ২ হাজার ৬০৪ জন সদস্যকে পুনর্বাসনে মোট ৪ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮০০ টাকা ব্যয় করা হবে। এরই প্রথম ধাপে ৫৯১টি পরিবারকে ৮৮ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হলো এবং দ্বিতীয় ধাপে আরও ৮৬ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হবে।
সিজেডএম’র এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয় এবং সুবিধাভোগীরা তাদের স্বাবলম্বী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)