বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
খুলনায় বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথভাবে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে মামলাটিতে মোট চারজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, হত্যা মামলায় গ্রেপ্তারদের অন্যতম হাসনাত হাবিব রিফাত মঙ্গলবার রাতে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি লিপিবদ্ধের পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত তদারককারী ও হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রিফাত তার জবানবন্দিতে আজমুল হত্যাকাণ্ডে জড়িত আরও ১২-১৩ জনের নাম প্রকাশ করেছেন, যাদের বেশিরভাগই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জবানবন্দিতে রিফাত জানায়, চুরির অভিযোগে গত শুক্রবার রাতে আজমুলকে আকিবের পাঁচতলা মেসের ছাদে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন চালানো হয়। আজমুল আকুতি ও চিৎকার করতে থাকলে একপর্যায়ে তার মাথার চুল কেটে পুনরায় মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে আত্মরক্ষার্থে আজমুল মেসের পাঁচতলার ছাদ থেকে নিচে লাফ দেয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা