পূর্বধলায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় পুকুরে ডুবে অনিয় ঘোষ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু অনিয় ঘোষের বয় দুই বছর চার মাস। সে বাড়হা গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় অনিয়কে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ সৎকারের জন্য তাদের কাছে দেওয়া হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা