১৫ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম দুর্ভোগে পড়ে।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটটিতে দুটি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরি ‘ক্যামেলিয়া’ পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ সময় ধরে পুরো নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকে।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প হিসেবে স্পিডবোট ও ট্রলারে নদী পার হতে হয়েছে। এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে।
দীর্ঘ ১৫ দিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
পারাপারের অপেক্ষায় থাকা আজাদ হোসেন বলেন, আজকে অনেকদিন পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আমি সপ্তাহে দুই দিন এই রুটে চলাচল করি। এ কদিন ট্রলারে আর স্পিড বোটে গিয়েছিলাম, নদীতে প্রচণ্ড স্রোত ছিল ভাড়াও বেশি। সকালে ফেরি ওপারে গেছে, ওপার থেকে ফেরি এপারে আসবে এরপর ফেরিতে করে ওপারে যাব।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা থেকে ফেরিটি ধাওয়াপাড়ার উদ্দেশে ফিরে আসে। তিনি আরও বলেন, এ ঘাটে দুটি ফেরি সচল থাকলে যাত্রী ও যানবাহনের চালকদের জন্য পারাপার আরও সুবিধাজনক হবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী