সাত পা নিয়ে গরুর বাছুরের জন্ম
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিমাঞ্চলে এক খামারির গোয়ালঘরে জন্ম নিয়েছে সাত পা-ওয়ালা এক বিরল বাছুর। অদ্ভুত এই শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া বাছুরটি দেখতে দিনভর দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন খামারির বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার বাসিন্দা মো. মাসুদের গোয়ালঘরে গাভীটি বাছুরটির জন্ম দেয়।
সরেজমিন দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি পিঠ ও পেছনের অংশে অতিরিক্ত তিনটি পা রয়েছে। ব্যতিক্রমী শারীরিক গঠন সত্ত্বেও আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী বলেন, খবর পেয়ে তাদের একটি পর্যবেক্ষণ টিম ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছিল। তবে বাছুরটির মালিকপক্ষ তা দেখাতে অসম্মতি জানান।
তিনি আরও বলেন, আমরা গাভীটির মালিকপক্ষকে আশ্বস্ত করেছি যে কোনো ধরনের চিকিৎসার সহযোগিতায় আমরা প্রস্তুত আছি। ঠিক কী কারণে এমন শারীরিক বিকৃতি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে, যা পরবর্তীতে গবেষণার কাজেও আসতে পারে। তবে মালিকপক্ষ সহযোগিতা না করায় এখনই বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)