ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। অধিকতর তদন্তের প্রয়োজনে কমিটি আবেদন জানালে হাসপাতাল কর্তৃপক্ষ এই সময় বৃদ্ধি করে। পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার (২০ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন খান।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় মমেক হাসপাতালের নতুন ৮ তলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারের তথ্যানুযায়ী নারী ও শিশুসহ ছয়জন হতাহতের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।
তবে পরবর্তীতে এই হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ও উপপরিচালক জাকিউল ইসলামের অপসারণের দাবিতে ১৭ সেপ্টেম্বর সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে সামাজিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’।
বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটির পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) আসাদুজ্জামানকে প্রধান করে গঠিত পৃথক আরেকটি তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ