মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বহির্বিভাগের নতুন আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কলেজের অধ্যাপক ডা. গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের মূল উৎস, ভবনের নিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থার ত্রুটি এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
উল্লেখ্য, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন বহির্বিভাগ ভবনের নিচতলায় লিফট নিয়ন্ত্রণ কক্ষের যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। লিফটের ফাঁকা স্থান দিয়ে বিষাক্ত ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ, অবহেলা ও হতাহতের সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)