আইফোন নাকি অন্য শত্রুতা? অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক আটক
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর জঙ্গল থেকে ১৩ বছরের কিশোর অপ্রতীম শুভ্রর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সন্দেহভাজন তুহিনসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র ছেলে। সে কোটবাড়ি বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কোটবাড়ির বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ সময় পর আজ শনিবার দুপুরে লালমাই পাহাড়ের গভীরে বুনো শিয়ালে টানাটানি করা অবস্থায় অপ্রতীমের মরদেহ দেখতে পান জিলানি নামের স্থানীয় এক কৃষক।
খবর পেয়ে থানা পুলিশ, ডিবি ও সিআইডির তদন্ত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে অপ্রতীমের মানিব্যাগ উদ্ধার করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা মূল্যবান আইফোনটি পাওয়া যায়নি। ফলে মুঠোফোন ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা পূর্বশত্রুতা কাজ করেছে—তা গভীর তদন্তের আওতায় এনেছে পুলিশ।
খবরের সতত্য নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে নিবিড় তদন্ত চলছে। প্রাথমিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল অভিযুক্ত তুহিনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ না করা হলেও খুব দ্রুতই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হবে।
এদিকে খবর পেয়ে কুবির উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ও স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং আগামী ৩ মাসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। জঘন্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়িতদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা