সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্ত সংলগ্ন বদ্ধোগেড়ামারা এলাকা থেকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন কয়লারমুখ বিওপির একটি চৌকস টহলদল এসব গরু আটক করে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরুর চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পৌনে ৫টার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পাতে। সকাল ৬টার দিকে তিন ভারতীয় চোরাকারবারীকে ভারত দিক থেকে ১০টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারীরা পাহাড়ি পথ ধরে গরুগুলো ফেলে রেখে দ্রুত ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে গরুগুলো জব্দ করে হেফাজতে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের ঝটিকা আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থান ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)