ডেঙ্গুতে প্রাণ গেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নূর জাহানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সহপাঠী আফরিন সুলতানা শোক প্রকাশ করে বলেন, অল্প বয়সে তার মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। এভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র, শান্ত ও সৃজনশীল মেয়ে ছিল। বিভাগের প্রতিটি অনুষ্ঠানে সে আগ্রহ নিয়ে অংশ নিত। তার এই অকালমৃত্যুতে আমরা পুরো বিভাগ অত্যন্ত ব্যথিত ও শোকাহত।

মাহফুজ নান্টু, কুমিল্লা