কুমিল্লায় সিএনজিচালককে কুপিয়ে জখম, টাকা-মোবাইলফোন ছিনতাই
কুমিল্লার চৌদ্দগ্রামে হানিফ (৪২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে চাপাতি দিয়ে কুপিয়ে ও এসএস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা স্থানীয়দের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট পূর্ব বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহত হানিফ বারাইশ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহিন, রাকিব, রহিম, হারুন মিয়া, ইসমাইল ও মোতাহের হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, চালক হানিফ যাত্রী নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত শাহিন অহেতুক তার নতুন সিএনজি গাড়িতে এসএস পাইপ দিয়ে আঘাত করেন। এর প্রতিবাদ জানালে শাহিন তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরবর্তীতে অন্য আসামিরা এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারে। হামলার একপর্যায়ে শাহিন চাপাতি দিয়ে হানিফের মাথার পেছনে এবং রাকিব মুখের বাম পাশে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।
হানিফের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও লাঠিসোঁটা ও এসএস পাইপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় উদ্ধারে আসা ব্যক্তিদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ঘটনাটির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)