তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক ও সহকারীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ট্রেনের ইঞ্জিনের কেবিনে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় ডাকাতেরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে চালক ও সহকারী চালককে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও জামাকাপড় ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এদিকে আহত অবস্থায়ও চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর থেকে খালি ট্যাংকারটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার অপেক্ষা করা হচ্ছে। বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় মামলা করা হবে।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)