বিচার বিভাগ সংশ্লিষ্টদের নিরাপত্তা কমানোর বৈধতা নিয়ে রিট, হাইকার্টের রুল জারি
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা হ্রাস করে জারিকৃত পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)। রিট আবেদনে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ১০ জন আবেদনকারীর পক্ষে রিটটি দায়ের করা হয়।
শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এই পরিপত্রটি বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। এটি বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি। পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেছেন আদালত।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিপত্রটির যে অংশে সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা হ্রাসের কথা বলা হয়েছে, তার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
আদালত পূর্বের ন্যায় বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক