স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অলিফ। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা ব্যাগভর্তি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এটি স্রেফ ছিনতাই নাকি এর পেছনে পূর্বশত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ