সান্তাহার জংশনে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় শেষ লাগেজ বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাত ঘণ্টা দেরিতে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করার সময় লাগেজ বগি লাইনচ্যুত হয়।
এ সময় লাগেজ বগিটি ছিটকে অন্য লাইনের উপর গিয়ে দাঁড়ায়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হওয়ায় সান্তাহার থেকে উত্তরাঞ্চল, ঢাকা, রাজশাহী ও খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, সাত ঘণ্টা দেরিতে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশের সময় শেষের লাগেজ বগিটি লাইনচ্যুত হয়। ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে পড়ে যাওয়া বগিটি রেল লাইনের উপরে রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে জানান সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন।
স্টেশন মাস্টার মুঠোফোনে বলেন, আপাতত পড়ে যাওয়া মালবাহী বগিটি রেখেই রাত ৯টা ১৫ মিনিটের দিকে সান্তাহার স্টেশন থেকে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার ছেড়ে গেছে। ঈশ্বরদী থেকে উদ্ধার গাড়ি বা রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। অপরদিকে এই ঘটনায় ঘটনায় কারো দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার।

আসাদুর রহমান জয়, নওগাঁ