প্রায় ৪ মাস পর দেশে ফিরেছে লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে কলারোয়ার শুভ দাসের মরদেহ দীর্ঘ প্রায় তিনি মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। প্রিয় সন্তানকে জীবিত ফেরার অপেক্ষায় থাকা পরিবারের কাছে শেষ পর্যন্ত ফিরতে হলো তাঁর নিথর দেহ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর খবরে শ্রীপতিপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শুভ দাস কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মাত্র ২৩ বছর বয়সেই যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।
পরিবার জানায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তাঁরা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।
শুভ দাস প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন।
মা-বাবার আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবে, বদলে দেবে সংসারের চিত্র।
চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন আর মা-বাবার কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে বিদেশ থেকে তাঁকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।
শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁর মরদেহ দেশে ফিরেছে।
শুভর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, শ্রীপতিপুরসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ার স্বপ্ন দেখা তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা জানান, ২০২৩ সালে শুভ জমি জায়গা বিক্রি করে লেবাননে যান। এরপর ২০২৬ সালের ১২ই মে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন। দীর্ঘ প্রায় চার মাস পরে তার লাশ বাড়িতে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি যেন তারা সরকারি সহযোগিতা পায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভর মরদেহ শ্রীপতিপুরে পৌঁছেছে। তাদের ধর্মীয় নীতি অনুযায়ী নিহত শুভর মরদেহ সৎকার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর, কলারোয়া, তালা ও ভোমরা স্থলবন্দর)