দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মো. সাবির হোসেন (৫) ও মো. জাবির হোসেন (৩)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে পারিবারিক টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে কামাল প্রথমে তার দুই সন্তানকে হত্যা করেন এবং পরে নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

মহসিন মিলন, বেনাপোল