মবের সংস্কৃতিকে শক্ত হাতে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনোভাবেই ‘মব সংস্কৃতি’ সহ্য করা হবে না এবং তা অত্যন্ত শক্ত হাতে দমন করা হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধ, মাদক বিস্তার ও চোরাকারবার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সীমানায় সব ধরনের আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন এবং ড্রোন প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সীমান্ত সুরক্ষা ও বিজিবির আধুনিকায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে নিয়ে আসা হবে। সীমান্তে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের তাৎক্ষণিক নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে প্রযুক্তিগতভাবে পুরোপুরি আধুনিকায়ন করার কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, সীমান্তের যেসব দুর্গম এলাকায় কেবল জনবল দিয়ে সার্বক্ষণিক নজরদারি সম্ভব নয়, সেসব স্থানে সর্বাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে।
এর আগে একদিনের সরকারি সফরে দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সফরকালে তিনি সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্থানীয় কর্মসূচিতেও অংশ নেবেন।

স্বজল ছত্রী, সিলেট