স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাক শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড গতকালই গঠিত হয়েছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং ইতোপূর্বে সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কথা রয়েছে। এ প্রেক্ষিতে মালিকপক্ষের প্রতিনিধিরাও নাম দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নাম দিতে কয়েকদিন সময় নেওয়া হয়েছিল। গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম দিয়েছেন। শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছেন।
মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে কঠোর হাতে দমন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই তাদের কঠোর হস্তে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তির কিছু দোসর এখানে রয়েছে। এই কয়েকদিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না৷ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কীসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতি শিগগিরই যেন প্রত্যাবর্তন করে। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মীরা ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তারা যদি চায় আজকেই এন্ট্রি নিতে পারে। তাদের ফেরত আনতে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়েছি। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করতে চাইছেন।

নিজস্ব প্রতিবেদক