শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর
মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলম এ দিন ধার্য করেন। আজ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এ আদালতে হাজির করা সম্ভব নয় বলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। পরবর্তীতে হোসেনের মৃত্যুর ঘটনায় মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মোহাম্মদপুর থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন। শেখ হাসিনা ছাড়াও পলাতকদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু।

আদালত প্রতিবেদক