সিএমপিতে সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) নগরীর দামপাড়া সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ সদস্য হিসেবে গড়ে তুলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।
শওকত আলী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।
এ সময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান ও নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)