গোপালগঞ্জে গৃহবধূকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে অপহরণের পর ৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি নাজমুল হাওলাদার (৩১) বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ উপজেলার কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে স্বামীর বাড়ি থেকে পাশের শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পার্শ্ববর্তী পিঞ্জুরি ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের নাজমুল হাওলাদার তার সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করেন। পরবর্তীতে বাজারের পাশের একটি বাড়িতে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ ও তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গৃহবধূ ৮ দিন ধরে নিখোঁজ থাকা সত্ত্বেও পরিবার বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ