বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
দেশজুড়ে নবজাতক, মা ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দুর্গম এলাকাসহ দেশজুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার যন্ত্র, শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার কোল্ড চেইন উপকরণ।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এই সহায়তা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই একটি অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র সংক্রামক রোগ প্রতিরোধ ও দূরীকরণের পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্যেও ধারাবাহিক সমর্থন বজায় রাখছে। এই উদ্যোগটি আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে এবং দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে সকালে তিনি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও মহানন্দা নদী পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় ও তার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়