নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাশ্মশান
নড়াইলে চিত্রা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে হবখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, পাজারখালি মহাশ্মশানসহ আশপাশের বসতবাড়ি। ইতোমধ্যে ভাঙনে মহাশ্মশানের ২৫-৩০ হাত জায়গাসহ একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরে ফাটল দেওয়ায় ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে চিকিৎসাসেবা ও মরদেহ সৎকার নিয়ে তীব্র সংকট তৈরির আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, চিত্রা নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই আশপাশের চিত্র বদলে যাচ্ছে। মহাশ্মশানের বসার স্থান ও চিতার বড় অংশ পানিতে তলিয়ে যাওয়ায় তিন গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা মরদেহ দাহ করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এ ছাড়া নদীতীরবর্তী বসতবাড়িগুলো নতুন করে ফাটলের কবলে পড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের মতে, এলাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকার মধ্যে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ভাঙনের মুখে পড়ায় দুর্ভোগ আরও বাড়তে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় দ্রুত জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নড়াইল জেলাজুড়ে স্থায়ী নদীতীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি (ডিপিপি) বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পাওয়ার পরপরই স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল