নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ সম্পন্ন
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের সুলতান মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উদ্বোধন হওয়া এই উৎসবে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সংস্কৃতিসেবীসহ বিপুলসংখ্যক সুলতানপ্রেমী মানুষের সমাগম ঘটে।
উৎসবে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ফরহাদ খান ও আরটিভির সাংবাদিক মোস্তফা কামালসহ পাঁচজনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন সদস্য এই প্রদর্শনীতে অংশ নেন। এ ছাড়া শিশু-কিশোরদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিজয়ী মোট ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাপনী আয়োজনে অতিথিদের উপস্থিতে ‘ড্রামা সার্কেল, নড়াইল’র পরিবেশনায় ‘এখনও কৃতদাস’ নামক নাটক মঞ্চস্থ হয়। এর পাশাপাশি আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাঙ্গণে বসা গ্রামীণ মেলায় ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সদস্য সচিব সশীম সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মারা যান। পরে তাঁকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এম. মুনীর চৌধুরী, নড়াইল