মাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনে স্ত্রী। আর এ হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে সে পলাতক।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মামুন এর আগে দুটি বিয়ে করে। দাম্পত্য কলহের জেরে সেগুলো বিচ্ছেদে গড়ায়। এ জন্য সে মাকে দায়ী করত, যা নিয়ে আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতি হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেয় সে। প্রায় পাঁচ বছর বাড়ি ছাড়া থাকার পর বৃহস্পতিবার সে ফিরে আসে।
বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে মামনু বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।
ওসি মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যায়। তাকে আটক করার চেষ্টা চলছে।

সাইফুল ইসলাম সজল, যশোর