এইচপিভি টিকায় জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব : ডা. রওশন আরা
মানিকগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও এইচপিভি টিকাদানের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর তুহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক হারুন অর রশীদ।
ডা. রওশন আরা বেগম বলেন, জরায়ুমুখ ক্যানসারের অন্যতম প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। সময়মতো টিকাদান, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে এ ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশে নারীদের ক্যানসারের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যানসার একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এইচপিভি টিকার বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও গুজব দূর করা জরুরি।
এইচপিভি টিকা নিয়ে তিনি বলেন, টিকাটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ও নিরাপদ। অন্যান্য টিকার মতো সাময়িকভাবে ইনজেকশনের স্থানে ব্যথা, জ্বর বা অস্বস্তির মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বিরল।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শুধু টিকা নয়, নিয়মিত স্ক্রিনিং এবং রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি অস্বাভাবিক রক্তপাত, সহবাসের পর রক্তপাত বা অস্বাভাবিক স্রাবের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর রওশন আরা বেগম বলেন, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সভা ও মুক্ত আলোচনা আয়োজন করা প্রয়োজন।
পরে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় জরায়ুমুখ ক্যানসারের কারণ, লক্ষণ, প্রতিরোধ, টিকাদান ও স্ক্রিনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ