সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রাজীব দাস পুরকায়স্থকে পদায়ন করা হয়েছে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার ইউএনও ছিলেন। আজ সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
রাজীব দাস পুরকায়স্থকে প্রায় দুই মাস আগে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ আগস্টের পৃথক প্রজ্ঞাপনে সাতকানিয়ার বর্তমান ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতকানিয়ায় দায়িত্ব পালনকালে খোন্দকার মাহমুদুল হাসানকে এর আগে একাধিকবার বদলির আদেশ দেওয়া হয়েছিল। রংপুর বিভাগ ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বদলির আদেশ হলেও তিনি বিভিন্ন মহলে তদবিরের মাধ্যমে সাতকানিয়ায় দায়িত্বে বহাল ছিলেন বলে অভিযোগ রয়েছে।
খোন্দকার মাহমুদুল হাসানের বদলি নিয়ে কয়েকদিন ধরেই স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এর মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও নতুন ইউএনও পদায়নের বিষয়টি স্পষ্ট হলো।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম