২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে কারাগারে
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশ এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায়।
ফরিদগঞ্জ থানা পুলিশ ক্ষুদেবার্তায় জানায়, গ্রেপ্তার করা মা-ছেলে হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।
ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েল ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক মা-ছেলের দেহ তল্লাশি করে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ক্ষুদেবার্তায় পুলিশ আরও জানায়, গ্রেপ্তার করা মা-ছেলে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর