সালমান শাহ হত্যা মামলায় ডনকে রিমান্ডে নিতে আবেদন
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।
গত ২০ আগস্ট ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতিতে আগামী ২৭ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মো. শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে- চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

আদালত প্রতিবেদক