জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আল নোমান ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ ন ম খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মো. নাজমুন হক, উপসচিব মো. ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মো. ওহিদুজ্জামান ও উপপরিচালক মো. আলী আকবর অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার বিষয়/ক্ষেত্র নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাক্রমে গবেষণা প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিক পত্রিকায় গবেষণা প্রস্তাব আহবানের বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়।
এ ছাড়া গবেষণার বিষয় নির্বাচন ও গবেষণা প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকর সংসদীয় কমিটি ব্যবস্থা : বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা এবং পোস্ট লেজিসলেটিভ সিকিউরিটি : বাংলাদেশের প্রয়োজনীয়তা ও কাঠামো; জনগণের সঙ্গে সংসদের সংযোগ : বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায় এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক