হেরোইন উদ্ধারের ঘটনায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর কাজীপাড়া ওভার ব্রিজের নিচে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধারের মামলায় আসামি মো. রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রশিদ মোল্লা। তিনি বলেন, বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৪নং মোড়ে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভার ব্রিজের নিচে রাস্তায় আসামিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রব মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু জাহিদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ মোস্তফা। এ মামলায় বিচারিক আদালতে আসামিকে প্রায় ১০ বছর পরে এ সাজা দেওয়া হলো।

আদালত প্রতিবেদক