ব্যবসায়ী মনির হত্যা : সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
রাজধানীর শাহবাগ থানায় ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ নিশ্চিত করে বলেন, ঢাকার সিএমএম আদালতে গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক মিলনকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। এরপরে আজ আদালতে আসামিকে হাজির করা হয়। আসামির উপস্থিতিতে আজ গ্রেপ্তার দেখানোর শুনানি মঞ্জুর করা হয়।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রায় সাত মাস পর ২০২৫ সালের ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। পাশাপাশি আরও প্রায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০২৫ সালের মে মাসে মিলনকে গ্রেপ্তার করে। সে সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

আদালত প্রতিবেদক