রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি
পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে মুড়াপাড়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম.এ মোমেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া এবং সহ-সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পরিবেশ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন নিজ উদ্যোগেই বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয় বলেন, সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়ণ জরুরি, তাই বাসযোগ্য রূপগঞ্জ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরবর্তীতে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের পাশের আগাছা পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)