নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে সফলভাবে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে এ বিরল টিউমারটি অপসারণ করেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার বাসিন্দা ও পাঁচ সন্তানের জননী মিলন বেগম (৬৫) গত কয়েক মাস ধরে পেটের অস্বাভাবিক ফোলাভাব ও খাবার গ্রহণে সমস্যায় ভুগছিলেন। চাঁদপুর মেরিন হাসপাতালের থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসানের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করা হলে তার পেটে বড় আকৃতির ওভারিয়ান টিউমার শনাক্ত হয়। পরবর্তীতে ইবনে সিনা মেডিকেল সেন্টারে সিটি স্ক্যান করানো হলে টিউমারটির আনুমানিক ওজন প্রায় সাড়ে ৫ কেজি উল্লেখ করা হয়। টিউমারের আকার বড় হওয়ায় অস্ত্রোপচারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কুমিল্লায় চিকিৎসার খরচ ও ঝুঁকি বিবেচনা করে স্বজনরা চাঁদপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এরপর জুলাইয়ের শেষ দিকে রোগী পুনরায় মেরিন হাসপাতালে এলে সার্জন ও সহকারী অধ্যাপক ডা. এইচ এম হাসান ইমাম সানীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়। গতকাল শনিবার (৮ আগস্ট) সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি বের করা হয়, যার প্রকৃত ওজন দাঁড়ায় ৬ কেজি ৪৫০ গ্রাম। বর্তমানে রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এইচ এম হাসান ইমাম সানী বলেন, চিকিৎসক হয়েছি মহান আল্লাহর দয়ায়। এত বড় আকারের টিউমার আসলে বিরল। রোগী একজন বৃদ্ধ মা। তিনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তারপরও মানবিক দিক বিবেচনা করে আমরা সার্জারি করার সিদ্ধান্ত নিই।
অস্ত্রোপচার দলের সদস্য ও জেনারেল সার্জন ডা. হাসান জুলকার নাইন বলেন, অপারেশনটি করার আগে নানান দিক চিন্তা করতে হয়েছে। সাধারণত অতিরিক্ত বড় হওয়ার কারণে টিউমারটি আশপাশের রক্তনালী, কিডনি, অন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে এবং সেগুলোর সঙ্গে লেগে থাকার আশঙ্কা থাকে। ফলে নানা ধরনের চ্যালেঞ্জ ছিল। আলহামদুলিল্লাহ, সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। রোগী এখন ভালো আছেন।
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, আমাদের মেরিন হাসপাতাল নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা ব্যবসার বিষয়টি সামনে না রেখে সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি। অনেকেই অপারেশনটি চাঁদপুরে না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রোগীর স্বজনরা চাঁদপুরেই আমাদের হাসপাতালে অস্ত্রোপচার করানোর বিষয়ে অনড় ছিলেন। এত বড় একটি জটিল অপারেশন আমাদের হাসপাতালে সফলভাবে সম্পন্ন করায় চিকিৎসক দলের প্রতি আমরা অসীম কৃতজ্ঞ।

শরীফুল ইসলাম, চাঁদপুর