কেরানীগঞ্জে জুলাই শহীদ রিয়াজের কবরে পুষ্পস্তবক অর্পণ
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাইযোদ্ধা শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ছোট ভাওয়াল এলাকায় শহীদ রিয়াজের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
২৪ জুলাইয়ের শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান শহীদ রিয়াজের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এরপর তিনি শহীদ রিয়াজের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ঘাটারচরে অবস্থিত ‘শহীদ রিয়াজ চত্বরে’ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ রিয়াজের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শহীদদের প্রতি এই সম্মাননা প্রদর্শন করা হয়েছে। শহীদদের মহান আত্মত্যাগের কারণেই আজ আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।
এ কর্মসূচিতে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ