পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলিনুর কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান করছিলেন আলিনুর। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে নিজের পাওনা টাকা চান তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য ও কারণ উদঘাটনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল