নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে : প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেছেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, তা-ও বাস্তবায়ন করছে বর্তমান সরকার।
আজ শনিবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব।
প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক হয়েছে, কিন্তু কোথায় সেই উন্নয়ন? অনেক স্থানে অবনতি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। এর মধ্যে সবচেয়ে বেশি অবনতি ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যোবোধের অবক্ষয় হয়েছে।
প্রেস সচিব বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যা-ই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে হতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।
আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। কোথাও কারও কোনো বন্দনা করেন না, আগে যা অহরহ দেখা যেত। প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হচ্ছেন না। তিনি মানুষের সঙ্গে মিশে কাজ করছেন।
প্রেস সচিব বলেন, এবারের বাজেট সরকারের একটা অর্জন। এবার বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি, জনজীবনে অস্থিরতা বাড়েনি। এটি একটি জীবনবান্ধব বাজেট।

নিজস্ব প্রতিবেদক