আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
মারা যাওয়া দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল খেলা দেখতে রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন দীপ্ত চৌধুরী। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করার পর আর্জেন্টিনার জয়ে রাত সাড়ে ৩টার দিকে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে দীপ্ত শহীদ মিনার মোড় এলাকার সিঙ্গার শো-রুম ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। সেখানে অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীপ্ত চৌধুরীর মামা সুব্রত রায় গভীর শোক প্রকাশ করে বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়। সেই আনন্দ মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে নিমিষেই সব ধূলিসাৎ হয়ে গেলো। আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল দীপ্ত।

ভজন দাস, নেত্রকোনা