ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি
টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্লাবিত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সোসাইটির উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দুর্যোগের এই সময়ে পানিবন্দী মানুষের তাৎক্ষণিক খাদ্য সংকট লাঘবের লক্ষ্যেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্যরা।
এ সময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় সময়ে অভুক্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো নাগরিক ও নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে বন্যাকবলিত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। সাধ্যমতো তাদের কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে পানিবন্দী মানুষের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। গুলশান সোসাইটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা পর্যন্ত পর্যায়ক্রমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক