সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের পাশে সংযুক্ত আরব আমিরাত
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির ঢাকাস্থ দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি এসব সহায়তা বিতরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এই সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য।
সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও দেশটির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলেও জানানো হয়েছে। দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক