শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটের কবলে রাজধানীবাসী
বৈরী আবহাওয়া মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উত্তরা, সায়েন্সল্যাব, ইসিবি চত্বরসহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছে।
এদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে এবং আরেক দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যায়। এক ঘণ্টা পর অবশ্য সড়কে যান চলাচল শুরু হয়।
এরপর বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে সকালের মতো বিকেলেও মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীরা সকাল থেকে এখন পর্যন্ত অবরোধ করেছে। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।
নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে বিকেল ৩টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে আসে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক