শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে সাভারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে নারী ও শিশুসহ সাধারণ সড়ক ব্যবহারকারীরা চরম ভোগান্তির কবলে পড়েন। অবরোধ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’
বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের প্রথম দাবি হলো স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা নিতে হবে এবং প্রশ্নপত্রের কোনো অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। একইসঙ্গে যৌক্তিক কারণে কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত তার জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান তারা। এ ছাড়া এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীরা তা যুক্তিসংগত মনে না করলে তাকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
পরবর্তীতে মহাসড়কে দীর্ঘ যানজট ও সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হলে বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

জাহিদুর রহমান