নৌকাডুবির ২ দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে ছেলে শাকিলকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপারে গবাদি পশুর ঘাস কাটতে যান সিরাজ উদ্দিন। ঘাস কাটা শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাবা ও ছেলে পৃথক দুটি ডিঙি নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বাতাসে নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। কিছুদূর এগোতেই প্রচণ্ড বাতাসের তোড়ে সিরাজ উদ্দিনের নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। পাশে থাকা নৌকা থেকে ছেলে শাকিল দ্রুত বাবাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করলেও নদীর তীব্র স্রোতের কারণে তা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সিরাজ উদ্দিন নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ উদ্ধার অভিযান শুরু করলেও প্রথম দিন তার কোনো সন্ধান মেলাতে পারেনি। অবশেষে আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুর অংশে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করলে সিরাজ উদ্দিনের স্বজনরা গিয়ে তা শনাক্ত করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)