মসজিদে আজান দেওয়ার সময় ইমামের মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি পাঞ্জেগানা মসজিদে এশার আজান দেওয়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৪৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজানরত অবস্থায় তার এই বিদায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ইমামতির পাশাপাশি তিনি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন এবং অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি যথাসময়ে এশার আজান দেওয়া শুরু করেন। আজানের শেষ অংশে পৌঁছানোর পর হঠাৎ তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করেন এবং মসজিদের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল বলেন, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজান দেওয়া অবস্থাতেই তিনি হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা