বজ্রাঘাতে দুই কৃষক নিহত
নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক বজ্রাঘাতে দুই কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মো. খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার মধ্যরাত থেকেই বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকালে কৃষক সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে কৃষক ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম ও মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে নিহত প্রতিটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহযোগিতা প্রদান করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ