সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রমজান হাওলাদার (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হাওলাদার একই এলাকার মো. রাসেল হাওলাদারের ছেলে। সে স্থানীয় মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল শেষে বিকেলে বাড়ি ফিরে রমজান তার মাকে জানায় যে সে পুকুরে সাঁতার শিখতে যাবে। পানিতে ভেসে থাকার সুবিধার্থে সে নিজের সঙ্গে দুটি প্লাস্টিকের বোতল নিয়ে ঘর থেকে বের হয়।
পরবর্তীতে সাঁতার শেখার একপর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা পুকুরঘাটে গিয়ে ছেলেকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে রমজানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
সেনবাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)